`

প্রথম জন্মদিনও উদ্‌যাপিত হলো না, চলে গেল যমজ ছোট মিয়া ও  বড় মিয়া

  • Views: 146
  • Share:
নভেম্বার ২৪, ২০২৬ ১৬:১৯ Asia/Dhaka

মুহাম্মদ সাফিন ও মুহাম্মদ সাদিল যমজ ভাই। জন্ম গত বছরের ৮ নভেম্বর। সাফিনের ওজন একটু কম ছিল, তাই মা-বাবা তাকে ‘ছোট মিয়া’ আর সাদিলকে ডাকতেন ‘বড় মিয়া’ বলে। এ দুই মিয়াকে আর কখনো ডাকা হবে না মা-বাবার! হাম ও হাম-পরবর্তী নানা জটিলতায় শিশু দুটির মৃত্যু হয়েছে।

সাফিন ও সাদিল মায়ের কোলজুড়ে এসেছিল একসঙ্গে, চলেও গেল তারা কাছাকাছি সময়ে। সাফিন মারা গেছে ১ নভেম্বর। এর সাত দিন পরেই ছিল তার জন্মদিন। সাদিলের মৃত্যু হয়েছে ১৬ নভেম্বর। দুই ভাইকে পাশাপাশি কবর দেওয়া হয়েছে, চট্টগ্রামের পেকুয়ায় পারিবারিক কবরস্থানে।

গত শনিবার শিশু দুটির বাবা মুহাম্মদ বিন সোয়াদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এক ছেলে প্রথম জন্মদিনের আগেই মারা গেল। আরেকজন জন্মদিনে হাসপাতালেই ছিল। আমরা তখন শুধু “আল্লাহ, আল্লাহ” করছি!’
চট্টগ্রামের বাঁশখালীর জলদী মিয়ার বাজারের সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার মুহাম্মদ বিন সোয়াদ। বাঁশখালীতেই পরিবার নিয়ে থাকেন। জানালেন, জ্বর শুরুর পর গত ২৮ অক্টোবর সাদিল ও সাফিনকে হাসপাতালে ভর্তি করা হয়। ১ নভেম্বর চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে সাফিন মারা যায়। এরপর সাদিলকে নেওয়া হয় চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে।
ছেলেদের জ্বর শুরু হওয়ার পর থেকে চিকিৎসায় এতটুকু গাফিলতি করেননি বলে জানালেন এই বাবা। দ্রুততম সময়ে চিকিৎসক দেখানো, চিকিৎসকের পরামর্শে বাঁশখালী থেকে চট্টগ্রাম শহরে নিয়ে হাসপাতালে ভর্তিসহ যা যা করণীয়, সবই করেছেন। তবে ছেলেদের সুস্থ করে বাড়ি ফেরাতে পারলেন না। আক্ষেপ নিয়ে তিনি বললেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), পিআইসিইউ, লাইফ সাপোর্ট—সব মিলে ছেলেরা অনেক কষ্ট পেয়ে মারা গেল! চিকিৎসায় প্রায় ১৪ লাখ টাকা খরচ হয়েছে বলে জানালেন।

user
user
Ad