`

এইচএসসিতে ফেল করাদের সম্পূরক পরীক্ষা ও ফল ডিসেম্বরে

  • Views: 3230
  • Share:
নভেম্বার ৩, ২০২৬ ১১:৪৭ Asia/Dhaka

এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়া থেকে শুরু করে উত্তরপত্র মূল্যায়ন ও চূড়ান্ত ফল প্রকাশের পুরো প্রক্রিয়াটি আগামী ২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে একটি খসড়া রোডম্যাপ তৈরি করা হয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন এবং ফল প্রকাশের কার্যক্রম আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়া থেকে শুরু করে উত্তরপত্র মূল্যায়ন ও চূড়ান্ত ফল প্রকাশের পুরো প্রক্রিয়াটি আগামী ২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে একটি খসড়া রোডম্যাপ তৈরি করা হয়েছে। এটি অনুমোদন পেলে নির্ধারিত সময়ের মধ্যেই সব কার্যক্রম শেষ করা সম্ভব হবে।

গত শনিবার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা এক মাসের মধ্যে নেওয়া হবে।

এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো পরীক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাকে পরের বছর আবার পরীক্ষায় অংশ নিতে হতো। সেক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে অথবা চাইলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে।

ফল বিশ্লেষণে দেখা গেছে, এবার এক বিষয়ে ফেল করেছে দুই লাখ ৯৮ হাজার ৪০ শিক্ষার্থী। দুই বিষয়ে ফেল এক লাখ ২৪ হাজার ৮৬৫ জন। সব মিলিয়ে এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা চার লাখ ২২ হাজার ৯০৫। এ ছাড়া সব মিলিয়ে মোট অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা পাঁচ লাখ ৯৪ হাজার ১১৩ জন।

যেসব শিক্ষার্থী এক বা দুই বিষয়ে পুনঃপরীক্ষায় অংশ নেবে, তাদের সনদে কী উল্লেখ থাকবে- এ প্রশ্নের জবাবে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, এসব পরীক্ষার্থীর ফল নতুন করে প্রকাশ করা হবে। আগের পরীক্ষায় যেসব বিষয়ে তারা উত্তীর্ণ হয়েছে, সেসব বিষয়ের ফল বহাল থাকবে। শুধু নতুন পরীক্ষায় অর্জিত ফল আগের ফলের সঙ্গে যুক্ত হবে।

এক বা দুই বিষয়ে পরীক্ষা গ্রহণের কর্মপরিকল্পনা কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে জানতে চাইলে চেয়ারম্যান জানান, ৪ নভেম্বর কর্মপরিকল্পনাটি প্রকাশের প্রস্তুতি রয়েছে।

এদিকে এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। আগামী ২৭ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।

user
user
Ad
Ad