`

হিমালয়ে নতুন ব্যাঙের সন্ধান

  • Views: 2342
  • Share:
নভেম্বার ২৪, ২০২৬ ১২:০৮ Asia/Dhaka

ভারতের পূর্ব হিমালয় অঞ্চলে ক্ষুদ্রাকৃতির শিংযুক্ত ব্যাঙের পাঁচটি নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এর ফলে এই গোষ্ঠীর পরিচিত প্রজাতির সংখ্যা আগের তুলনায় দ্বিগুণের বেশি হয়েছে।

দিল্লি বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক দল বিজ্ঞানী পাঁচ বছর ধরে মাঠ পর্যায়ে গবেষণা চালিয়ে নতুন প্রজাতিগুলোর সন্ধান পান। তারা ব্যাঙগুলোকে ‘জিঙ্গোফ্রিস’ গোষ্ঠীর সদস্য হিসেবে শনাক্ত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি।

নতুন প্রজাতিগুলোর মধ্যে রয়েছে ‘জিঙ্গোফ্রিস তানোগোগো’, যার আরেক নাম শামুকখেকো শিংযুক্ত ব্যাঙ। ভারতে শামুক খেয়ে বেঁচে থাকে, এমন ব্যাঙের মধ্যে এটিই প্রথম শনাক্ত প্রজাতি। পাশাপাশি ব্যাঙের এই পরিবারের মধ্যেও এমন খাদ্যাভ্যাসের কোনো প্রজাতির সন্ধান আগে পাওয়া যায়নি।
গবেষণায় উঠে এসেছে, ব্যাঙের বিবর্তনে হিমালয়ের ভূমিকা বিজ্ঞানীদের আগের ধারণার চেয়ে অনেক বেশি। একই সঙ্গে জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে অঞ্চলটির গুরুত্বও নতুন করে সামনে এসেছে। গ্রীষ্মমণ্ডলীয় বন থেকে শুরু করে পার্বত্য তৃণভূমি পর্যন্ত বিস্তৃত হিমালয় বিশ্বের অন্যতম সমৃদ্ধ জীববৈচিত্র্যের অঞ্চল। বিজ্ঞানী ও গবেষকদের আগ্রহ থাকলেও সেখানকার অনেক এলাকা এখনও পুরোপুরি অনুসন্ধান করা হয়নি। বিশেষ করে ভারতের অরুণাচল প্রদেশকে হিমালয়ের সবচেয়ে কম গবেষণা হওয়া অঞ্চলগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। ওই অঞ্চল ঘিরে চীন ও ভারতের মধ্যে উত্তেজনা রয়েছে। 

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম অব কম্পারেটিভ জুওলজির গবেষক ড. সোনালি গার্গ এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন। তাঁর মতে, গবেষণাটি দেখিয়েছে, তুলনামূলকভাবে কম গবেষণা হওয়া প্রাণীদের মধ্যেও গুরুত্বপূর্ণ বিবর্তনীয় পরিবর্তন ঘটতে পারে, যা দীর্ঘদিন বিজ্ঞানীদের নজরের বাইরে থেকে যায়।
‘ডাবল-ফোল্ড হিডেন ডাইভারসিটি অব ডিমিনিউটিভ হর্নড ফ্রগস (মেগোফ্রাইনাই: জিঙ্গোফ্রিস)’ শিরোনামে গবেষণাটি সোনালি গার্গ তাঁর সহকর্মী জেমস হ্যাঙ্কেন এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের এসডি বিজু, তাগে তাজো ও রাধাকৃষ্ণ উপাধ্যায়কে সঙ্গে নিয়ে পরিচালনা করেছেন। গত ১১ নভেম্বর ‘রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স’ সাময়িকীতে গবেষণাটি প্রকাশিত হয়।

গবেষক এসডি বিজু বলেন, ‘নতুন প্রজাতিগুলোর মধ্যে কয়েকটি অত্যন্ত গোপন স্বভাবের। প্রজননের জন্য বছরের খুব অল্প সময়েই শুধু দুর্গম বনাঞ্চলে এদের দেখা পাওয়া যায়।’ বিজ্ঞানীরা জানিয়েছেন, ব্যাঙগুলোর জীবনপ্রণালি, জীববৈচিত্র্যে ভূমিকা এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে আরও ভালোভাবে জানতে বাড়তি গবেষণা প্রয়োজন।

ডিএনএ বিশ্লেষণে দেখা গেছে, কয়েক মিলিয়ন বছর ধরে হিমালয় পর্বতমালা গড়ে ওঠার পাশাপাশি এশীয় মৌসুমি বায়ুর বিকাশ ঘটার সময় শিংযুক্ত ব্যাঙগুলো দ্রুত বিবর্তিত হয়ে একাধিক প্রজাতিতে বিভক্ত হয়েছে। এই প্রক্রিয়া পূর্ব হিমালয় অঞ্চলের উদ্ভিদ ও প্রাণিজগতের বিবর্তনেও ভূমিকা রেখেছে।

গবেষকরা এক বিবৃতিতে জানিয়েছেন, স্থানীয় বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ মাঠ পর্যায়ের গবেষণায় প্রয়োজনীয় সহযোগিতা ও গুরুত্বপূর্ণ স্থানীয় জ্ঞান দিয়ে তাদের সহায়তা করেছেন। তাদের এই অবদান নতুন প্রজাতিগুলো শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নতুন কয়েকটি প্রজাতির নামকরণেও স্থানীয় জনগোষ্ঠীর পরিচয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।
যেমন, তানি শিংযুক্ত ব্যাঙ’-এর নামকরণ করা হয়েছে ওই অঞ্চলের তানি জনগোষ্ঠীর নাম এবং স্থানীয় আপাতানি ভাষায় ব্যাঙ বোঝাতে ব্যবহৃত ‘তাত্তি’ শব্দের সমন্বয়ে। নতুন আবিষ্কৃত পাঁচ প্রজাতি হলো জিঙ্গোফ্রিস তানিতাত্তি বা তানি শিংযুক্ত ব্যাঙ, জিঙ্গোফ্রিস তানোগোগো বা শামুকখেকো শিংযুক্ত ব্যাঙ, জিঙ্গোফ্রিস সিয়াংএনসিস বা সিয়াং শিংযুক্ত ব্যাঙ, জিঙ্গোফ্রিস হার্ডি বা হার্ডির শিংযুক্ত ব্যাঙ এবং জিঙ্গোফ্রিস উলারসনি বা উ-লারসনের শিংযুক্ত ব্যাঙ।

user
user
Ad
Ad