`

২১ মাসের বেতন না দিয়ে ১২ জন শিক্ষককে চাকরিচ্যুতি

  • Views: 1255
  • Share:
আগষ্ট ২২, ২০২৬ ১৮:০২ Asia/Dhaka

জালালাবাদ ডেস্ক :: কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজে ২১ মাসের বেতন বকেয়া রেখেই ১২ জন খণ্ডকালীন শিক্ষককে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের প্রাপ্য বকেয়া দ্রুত মিটিয়ে দেওয়া এবং পুরো বিষয়টি নিরপেক্ষ তদন্তের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ​২০১৮ সালে প্রতিষ্ঠানটি সরকারীকরণের পর শিক্ষকসংকট দেখা দিলে বিজ্ঞপ্তির মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে এসব খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। অব্যাহতি পাওয়ার আগপর্যন্ত কলেজ শাখায় দুজন এবং স্কুল শাখার দিবা ও প্রভাতি শাখায় ৫ জন করে মোট ১২ জন শিক্ষক কর্মরত ছিলেন।

‎ভুক্তভোগী শিক্ষকদের দাবি, ​প্রাথমিক অবস্থায় নিয়মিত পারিশ্রমিক দেওয়া হলেও পরবর্তী সময়ে দু-তিন মাস পরপর মাত্র এক মাসের বেতন দেওয়া হতো। ফলে চলতি বছরের আগস্ট পর্যন্ত ২১ মাসের পাওনা বকেয়া পড়ে যায়।

‎​শিক্ষকদের অভিযোগ, গত ১৭ ও ১৮ আগস্ট একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের অজুহাত দেখিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খায়রুল ইসলাম তাদের অব্যাহতি দেন, তবে পাওনা ২১ মাসের বেতন বুঝিয়ে দেওয়া হয়নি।

‎​চাকরিচ্যুত খণ্ডকালীন শিক্ষক ওবায়দুর রহমান বলেন, ‘বেতন না পেয়ে এবং হঠাৎ চাকরি হারিয়ে শিক্ষকরা চরম আর্থিক সংকটে পড়ে গেছি। পরিবার চালানো, সন্তানদের পড়াশোনা ও চিকিৎসা খরচ চালাতে অনেকে দেনাগ্রস্ত হয়ে পড়ছি।’

এ ‎​বিষয়ে হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খায়রুল ইসলাম গত ৪ মার্চ দায়িত্ব নেওয়ার কথা জানিয়ে তিনি দাবি করেন, এই বকেয়া তার দায়িত্ব গ্রহণের আগের। নিজের মেয়াদের বেতন আগামী বছরের ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে পরিশোধের আশ্বাস দিয়ে তিনি জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী প্রতিষ্ঠানের ফান্ড থেকে বকেয়া মেটানোর চেষ্টা চলছে।

‎​এ বিষয়ে কিশোরগঞ্জের জেলা শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা বলেন, শিক্ষকদের চাকরিচ্যুত করা হলেও ফান্ডে টাকা থাকলে শিক্ষকদের প্রাপ্য পরিশোধ করা উচিত।

‎আগের সময়ের বকেয়ার দায় বর্তমান প্রধান এড়াতে পারেন না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যিনি বর্তমানে দায়িত্বে আছেন, এই বকেয়া মেটানোর দায়িত্ব তারই।’

user
user
Ad
Ad