৪০ হাজার বছর পরেও মহাকাশে ঘুরে বেড়াবে নাসার ভয়েজার-১
১৯৭৭ সালের সেপ্টেম্বর মাসে যাত্রা শুরু হয়েছিল। গত ১৮ নভেম্বর পৃথিবী থেকে এক আলোকদিন দূরে পৌঁছেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার তৈরি মহাকাশযান ভয়েজার-১। সৌরজগতের চৌম্বকক্ষেত্র ছাড়িয়ে সেটি অনেক আগেই বেরিয়ে গিয়েছিল। এখন বিচরণ করছে অসীম আন্তঃনাক্ষত্রিক জগতে। বিজ্ঞানীদের দাবি, ৩০-৪০ হাজার বছর পরেও মহাকাশে টিকে থাকতে পারে নাসার এই ভয়েজার-১। হয়তো তখন পৃথিবীর সঙ্গে তার কোনও যোগাযোগ থাকবে না। তবে মানুষের তৈরি যন্ত্র হিসেবে সে সুদূর পৃথিবীর প্রতিনিধিত্ব করতে থাকবে অচেনা গ্রহ-নক্ষত্রদের দুনিয়ায়!
গত ১৮ নভেম্বর ভারতীয় সময় বিকেল ৩টা ৪৬ মিনিটে পৃথিবী থেকে প্রায় ২ হাজার ৫৯০ কোটি কিলোমিটার দূরে ছিল মহাকাশযানটি। মানুষের তৈরি আর কোনো যান এত দূরে যেতে পারেনি।
নাসার তথ্য অনুযায়ী, পৃথিবী থেকে পাঠানো কোনো রেডিও সংকেত ভয়েজার-১-এ পৌঁছাতে প্রায় ২৪ ঘণ্টা লাগে। আবার সেখান থেকে উত্তর আসতেও লাগে আরও ২৪ ঘণ্টা।
ভয়েজার-১ মহাকাশে পাঠানোর সময় এতদূর যাওয়ার পরিকল্পনা ছিল না নাসার। মূল লক্ষ্য ছিল বৃহস্পতি ও শনির পর্যবেক্ষণ। ১৯৭৯ সালে বৃহস্পতির কাছে পৌঁছায় ভয়েজার-১। পরের বছর, ১৯৮০ সালে শনির কাছেও পৌঁছায় এটি। এর পর দীর্ঘ যাত্রা চালিয়ে ২০১২ সালে সৌরজগতের সীমানা পেরিয়ে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে।
ভয়েজার-১-এর যমজ মহাকাশযান ভয়েজার-২ উৎক্ষেপণ করা হয় একই বছরে। তবে গতিপথের কারণে এটি এখন ভয়েজার-১-এর চেয়ে অনেকটা পিছিয়ে রয়েছে। ভয়েজার-২ পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব অতিক্রম করবে ২০৩৫ সালের নভেম্বরে।
ভয়েজার-১ এখন ঘণ্টায় প্রায় ৬১ হাজার কিলোমিটার গতিতে ছুটছে। তবে প্রতি বছর এর শক্তি প্রায় ৪ ওয়াট করে কমছে।
উৎক্ষেপণের সময় মহাকাশযানটিতে ৪৭০ ওয়াট শক্তি ছিল। পারমাণবিক শক্তির উৎস থেকে পাওয়া শক্তি কমে যাওয়ায় বিজ্ঞানীদের এখন শক্তি সাশ্রয় করতে হচ্ছে।
এ কারণে মহাকাশযানটির বেশ কিছু যন্ত্র বন্ধ করে দেওয়া হয়েছে। ১০টি বৈজ্ঞানিক যন্ত্রের মধ্যে পাঁচটি শক্তি বাঁচাতে বন্ধ করা হয়েছে। আর একটি যন্ত্র কার্যক্ষমতা কমে যাওয়ায় বন্ধ করা হয়েছে।
একই কারণে আরও একটি যন্ত্র ২০২৭ সালের ফেব্রুয়ারিতে বন্ধ করার পরিকল্পনা রয়েছে। তবে গুরুত্বপূর্ণ কিছু সেন্সর এখনো চালু আছে।
বিজ্ঞানীদের ধারণা, আগামী তিন থেকে পাঁচ বছরে ভয়েজার-১-এর কার্যক্রম আরও সীমিত হয়ে আসবে। ফলে নতুন তথ্য সংগ্রহের সুযোগও কমে যাবে।
নাসার ধারণা, অন্তত ২০৩৬ সাল পর্যন্ত ভয়েজার-১ থেকে সংকেত পাওয়া সম্ভব হতে পারে। এরপর শক্তি কমে যাওয়ায় পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
তবে যোগাযোগ বন্ধ হলেও মহাকাশযানটির যাত্রা থামবে না। এর সঞ্চিত গতিশক্তি ও ভরবেগের কারণে এটি মহাকাশে চলতে থাকবে।
বিজ্ঞানীদের মতে, মহাকাশযানটি আগামী কয়েকশ কোটি বছর মহাকাশে ঘুরে বেড়ানোর সক্ষমতা রাখে। তবে তখন এটি থেকে কোনো তথ্য পাওয়া সম্ভব হবে না।
সৌরজগতের একেবারে বাইরের দিকে রয়েছে ওর্ট ক্লাউড। এটি বরফ, পাথর ও ধূলিকণায় তৈরি বিশাল অঞ্চল। সৌরজগতের জন্মের সময় অবশিষ্ট থাকা এসব উপাদান দিয়ে ওর্ট ক্লাউড গঠিত হয়েছে বলে বিজ্ঞানীদের ধারণা।
বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, আগামী ৩০০ বছরের মধ্যে ভয়েজার-১ ওর্ট ক্লাউডের কাছাকাছি পৌঁছাবে। এটি পুরোপুরি অতিক্রম করতে প্রায় ৩০ হাজার বছর লাগতে পারে।
এর পর আরও এগিয়ে প্রায় ৪০ হাজার বছরের মধ্যে গ্লিজ ৪৪৫ নামে একটি নক্ষত্রের কাছাকাছি পৌঁছাবে মহাকাশযানটি। তখন নক্ষত্রটির দূরত্ব থাকবে প্রায় ১ দশমিক ৭ আলোকবর্ষ।
ভয়েজার-১ ২০১২ সালে সূর্যের চৌম্বকক্ষেত্রের সীমানা পেরিয়ে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে। তবে সূর্যের মাধ্যাকর্ষণের প্রভাব থেকে এখনো পুরোপুরি মুক্ত হয়নি এটি।
সূর্যের টান এখনো মহাকাশযানটির ওপর কাজ করছে। ওর্ট ক্লাউড অতিক্রম করার পর সূর্যের মাধ্যাকর্ষণের প্রভাব অনেকটাই কমে আসবে। ভয়েজার-১-এর যমজ মহাকাশযান ভয়েজার-২ বর্তমানে পৃথিবী থেকে প্রায় ২১৬৮ কোটি কিলোমিটার দূরে রয়েছে।
- ফিলিপাইনে গিয়ে সোনার ব্যাটন চেয়েছিলেন ট্রাম্প
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন দুই শিক্ষার্থী
- হজযাত্রীদের টিকার আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক
- ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত
- প্রথম জন্মদিনও উদ্যাপিত হলো না, চলে গেল যমজ ছোট মিয়া ও বড় মিয়া
- ৪০ হাজার বছর পরেও মহাকাশে ঘুরে বেড়াবে নাসার ভয়েজার-১
- যে ভিটামিনের অভাবে শরীর থাকে ক্লান্ত, ঘুম পায় সারা দিন
- নবীগঞ্জে আগুনে তিনটি দোকান পুড়ে ৯ লাখ টাকার ক্ষতি
- হলুদ তরমুজ চাষে খোর্শেদের সাফল্য
- ডিসেম্বরে স্কুল-কলেজে টানা ছুটি
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- প্রিন্ট মিডিয়া ভবিষ্যতে জাদুঘরে ঠাঁই পাবে, ডিজিটাল সাংবাদিকতা লিড দেবে - মো: ইয়াহইয়া
- পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
- এইচএসসিতে ফেল করাদের সম্পূরক পরীক্ষা ও ফল ডিসেম্বরে
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর
- এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস, তদন্তে জেলা প্রশাসন
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
- স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎসায়: স্বাস্থ্যমন্ত্রী

