`

হরমুজে মার্কিন যুদ্ধজাহাজ ঢুকলেই হামলার হুঁশিয়ারি

  • Views: 1505
  • Share:
সেপ্টেম্বার ১৩, ২০২৬ ২০:০০ Asia/Dhaka

হরমুজ প্রণালির একশ' কিলোমিটারের মধ্যে কোন মার্কিন যুদ্ধজাহাজ এলে ইরানি বাহিনীর প্রতিরোধের মুখে পড়তে হবে বলে সতর্ক করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী। এর মাধ্যমে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকেও চ্যালেঞ্জ করেছে তেহরান।

ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজের বরাতে জানা গেছে, আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক কমান্ডার বলেছেন, হরমুজ প্রণালি যদি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে তাহলে মার্কিন নৌবাহিনীকে একটি যুদ্ধজাহাজ প্রণালির ১০০ কিলোমিটারের মধ্যে নিয়ে আসুন।

ইরানি এই কর্মকর্তা দাবি করেন, ওই এলাকায় মার্কিন কোনো যুদ্ধজাহাজ এগিয়ে এলে ইরানি বাহিনী যে প্রতিক্রিয়া জানাবে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র ভালোভাবেই অবগত। সাম্প্রতিক দিনগুলোতেও এ ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা দীর্ঘদিনের। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী এই জলপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়।

ইরানের এই হুঁশিয়ারির ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে দুই দেশের সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

user
user
Ad