`

আম্বানির শেয়ার কিনতে বিনিয়োগকারীদের ঢল, প্রথম ঘণ্টাতেই রেকর্ড 

  • Views: 2595
  • Share:
অক্টোবার ২১, ২০২৬ ১২:২৩ Asia/Dhaka

ভারতের ধনকুবের মুকেশ আম্বানির প্রতিষ্ঠান জিও প্ল্যাটফর্মসের প্রায় ৩২০ কোটি ডলারের শেয়ার বিক্রিতে ব্যাপক সাড়া মিলেছে।

বুধবার (২১ অক্টোবর) আবেদন শুরুর প্রথম ঘণ্টাতেই বিক্রির জন্য নির্ধারিত শেয়ারের ৮৫ শতাংশের আবেদন জমা পড়ে। এটি ভারতের ইতিহাসে সবচেয়ে বড় প্রাথমিক গণপ্রস্তাব।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জিও প্ল্যাটফর্মসের সম্ভাব্য বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ হাজার ৮৩০ কোটি ডলার। আগামী ২৮ অক্টোবর প্রতিষ্ঠানটির শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার কথা রয়েছে।

শেয়ার বিক্রিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহ সবচেয়ে বেশি। তাদের জন্য সংরক্ষিত শেয়ারের বিপরীতে ২ দশমিক ৮ গুণ আবেদন জমা পড়েছে। অন্যদিকে, সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ করা শেয়ারের বিপরীতে আবেদন পড়েছে মাত্র শূন্য দশমিক ১৪ গুণ। মোট শেয়ারের প্রায় এক-তৃতীয়াংশ সাধারণ বিনিয়োগকারীদের জন্য রাখা হয়েছে।

শেয়ারপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬৫ থেকে ১ হাজার ১১৯ রুপি। শুক্রবার (২৩ অক্টোবর) পর্যন্ত আবেদন করা যাবে। সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি রিলায়েন্সের কর্মী ও শেয়ারধারীরাও শেয়ার কেনার সুযোগ পাচ্ছেন।

মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানির নেতৃত্বে ২০১৬ সালে জিওর টেলিযোগাযোগ ব্যবসা শুরু হয়। কম দামে ইন্টারনেট ও বিনা মূল্যে ভয়েস কলের সুবিধা দিয়ে প্রতিষ্ঠানটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। বর্তমানে জিওর গ্রাহকসংখ্যা ৫০ কোটির বেশি।

জিওতে মেটা, গুগলসহ বিভিন্ন বড় বিনিয়োগকারীর অর্থ রয়েছে। গত মার্চে শেষ হওয়া অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় ছিল প্রায় ১ হাজার ৫৫০ কোটি ডলার এবং মুনাফা প্রায় ৩২০ কোটি ডলার। এর প্রায় ৯০ শতাংশই এসেছে টেলিযোগাযোগ ব্যবসা থেকে।

দুই দশক পর রিলায়েন্স গোষ্ঠীর কোনো প্রতিষ্ঠানের এই প্রথম শেয়ারবাজারে আসার উদ্যোগ। বিশ্লেষকদের মতে, জিওর শেয়ার বিক্রিতে বিনিয়োগকারীদের সাড়া বৈশ্বিক প্রযুক্তি খাতে বিনিয়োগের আগ্রহ বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হবে।

user
user
Ad
Ad