`

ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন: ট্রাম্পকে সিরিয়ার প্রেসিডেন্ট

  • Views: 1256
  • Share:
সেপ্টেম্বার ২৪, ২০২৬ ১৮:৫২ Asia/Dhaka

সিরিয়ার দখলকৃত গোলান মালভূমি ইসরায়েলকে লিখে দেওয়ার চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন তার নিজ দেশের অঙ্গরাজ্য নিউ জার্সি তাদের দিয়ে দেন—এমন এক কৌতুকের স্মৃতিচারণ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে আয়োজিত এক আলোচনা সভায় আল-শারা এই মন্তব্য করেন।

সিরিয়ার প্রেসিডেন্ট জানান, হোয়াইট হাউস সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট যখন গোলান মালভূমির ওপর ইসরায়েলি সার্বভৌমত্বের স্বীকৃতির বিষয়টি তোলেন, তখন তিনি ট্রাম্পকে এই কৌতুকটি করেছিলেন। তিনি ট্রাম্পকে বলেন, ‘ইসরায়েলকে জমি দিতে আপনার যদি এতই আগ্রহ থাকে, তবে নিউ জার্সি দিয়ে দিচ্ছেন না কেন? নিউ জার্সি তো ডেমোক্র্যাটদের অধীনে এবং তারা আপনাকে ভোটও দেয় না।’

সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, নিউ জার্সির ওপর ট্রাম্পের রাজনৈতিক এখতিয়ার থাকতে পারে, কিন্তু গোলান মালভূমির মালিক তিনি নন। সিরিয়া বা আমেরিকার কোনো প্রেসিডেন্টের এই ভূখণ্ড অন্য কাউকে দিয়ে দেওয়ার অধিকার নেই; গোলান মালভূমি কেবল সেখানকার জনগণের।

কৌতুকের বাইরে ট্রাম্পের প্রশংসা করে আল-শারা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ার পাশে দাঁড়িয়েছেন এবং দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। তার সঙ্গে নিজের এক বিশেষ ও শ্রদ্ধাপূর্ণ সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে সিরিয়ার গোলান মালভূমি দখল করে রেখেছে ইসরায়েল এবং ১৯৮১ সালে তারা এটি নিজেদের সঙ্গে যুক্ত করে, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৪৯৭ নম্বর প্রস্তাবে অবৈধ ঘোষিত হয়। বিশ্বের অধিকাংশ দেশ গোলানকে সিরিয়ার ভূখণ্ড মনে করলেও যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়া এই অঞ্চলে ইসরায়েলি সার্বভৌমত্বকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।

user
user
Ad